নিম্ন আয়ের মানুষের জন্য বিনামূল্যে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং তাদের স্বাস্থ্য সুরক্ষায় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। বৃহস্পতিবার (৪ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত ‘নগর পরিবেশ ও নিম্ন আয়ের মানুষের স্বাস্থ্য সুরক্ষা’ শীর্ষক আলোচনায় এই দাবি জানানো হয়।
পবা ও বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর যৌথ উদ্যোগে সভাটি আয়োজন করা হয়েছে।
সভায় যেসব দাবি উপস্থাপন করা হয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো: ঢাকাসহ দেশের সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা ও স্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপ গ্রহণ, নগরের নিম্নআয়ের মানুষের জন্য বিনামূল্যে নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করা ও প্রতিটি বস্তিতে ছোট ছোট স্বাস্থ্য কেন্দ্র গড়ে তোলা, চিকিৎসাসেবা দরিদ্রবান্ধব এবং সহজলভ্য করা, বিশেষ করে সরকারি হাসপাতালে বিনামূল্যে বস্তিবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নগরের নিম্নআয়ের মানুষের জন্য পানি বিদ্যুৎ জ্বালানি ও নিষ্কাশন এবং বজ্র ব্যবস্থাপনা নিশ্চিত করা।’
এসময় মূল প্রবন্ধ পাঠ করেন মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ‘গবেষণায় দেখা গিয়েছে, ঢাকা শহরের অধিকাংশ বস্তি গড়ে উঠেছে বাঁধ ও খালের ওপর এবং সরকারি পতিত খাস জমি ও দখলকৃত ব্যক্তি মালিকানাধীন জায়গায়। এছাড়াও বেশকিছু মানুষ ভাসমান অবস্থায় থেকে জীবন চালিয়ে যাচ্ছেন।’
আলোচনা সভায় বক্তারা আরও বলেন, ‘আমরা জানি ঢাকা শহরে বস্তির সমস্যা প্রকট। প্রায় ৫ হাজার বস্তি রয়েছে এই শহরে। ৪০ লাখেরও বেশি নিম্নআয়ের মানুষ বসবাস করে সেখানে। নগরের এই বড় অংশের মানুষের জীবন ব্যবস্থাপনা খুবই নাজুক। পরিকল্পিতভাবে তাদের বসবাস ব্যবস্থা ও অধিকার প্রতিষ্ঠা করা না গেলে শহরের পরিবেশগত সংকট নাজুক অবস্থাতেই থাকবে।’
আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) এর চেয়ারম্যান আবু নাসের খান, সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. আব্দুস সোবহান, ডাকসুর সাবেক জিএস ও স্বাস্থ্য আন্দোলন নেতা ডা. মোস্তাক হোসেন, পবার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. লেলিন চৌধুরী প্রমুখ।








