সৌদি আরবের জেদ্দা এয়ারপোর্টে হয়রানি এড়াতে এবার হজযাত্রীদের যাবতীয় ইমিগ্রেশন কার্যক্রম বাংলাদেশের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা।
জানা গেছে, এজন্য সৌদি আরবের পাসপোর্ট অফিসের মহাপরিচালকের নেতৃত্বে একটি সুপারভাইজারি কমিটিও গঠন করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম শুরু করতে কমিটির ১৪ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার (৯ এপ্রিল) রাতে ঢাকায় আসছেন। সৌদি আরবের পাসপোর্ট অফিসের মহাপরিচালকও আসবেন বুধবার (১০ এপ্রিল)। ধর্ম মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সঙ্গে বৃহস্পতিবার (১১ এপ্রিল) বৈঠক করার কথা রয়েছে তার।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ২০১৯ সালের হজযাত্রীদের ইমিগ্রেশনের সব কাজ ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই সম্পন্ন করা হবে। সেজন্য সৌদি আরবের ইমিগ্রেশন কর্মকর্তারা হজের সময় ঢাকাতেই অবস্থান করবেন। এসব বিষয়ে প্রয়োজনীয় কাজ সম্পন্ন করতে সেখানকার শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ঢাকায় আসছেন।








