ডেমরায় মাদ্রাসাছাত্র মনির হোসেন হত্যার ঘটনায় দায়ের করা মামলায় নুর-ই মদিনা মাদ্রাসার প্রিন্সিপালসহ দুজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (১০ এপ্রিল) মামলার তদন্ত কর্মকর্তা ডেমরা থানার পুলিশের (উপ-পরিদর্শক) মো. শাহ আলম দুই আসামিকে ১০ দিনের রিমান্ডের আবেদন করে আদালতে হাজির করেন। এরপর ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, প্রিন্সিপাল আব্দুল জলিল হাদী (৪২) ও শিক্ষার্থী মো. আকরাম (২৪)।
অপর শিক্ষার্থী আহমদ শফী ওরফে তোহার স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। কিন্তু, তোহা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে না চাওয়ায় বিচারক তাকে কিশোর সংশোধনাগারে পাঠানোর আদেশ দেন।
মঙ্গলবার (৯ এপ্রিল) মনিরের বাবা সাইদুল হক ওই তিনজনকে আসামি করে ডেমরা থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই দিন রাতেই তাদের তিনজনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য, ৭ এপ্রিল নূরে মদিনা মাদ্রাসার ছাত্র মনির হোসেন মাদ্রাসা থেকে নিখোঁজ হয়। ৮ এপ্রিল সন্ধ্যায় মসজিদ থেকে তার লাশ উদ্ধার হয়। এই হত্যার সঙ্গে জড়িত থাকার বিষয়ে প্রাথমিকভাবে কয়েকজনের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। তারা হলেন, নূরে মদিনা মাদ্রাসার অধ্যক্ষ আবদুল জলিল হাদী ওরফে হাদিউজ্জামান। তাকে সহযোগিতা করে তারই দুই ছাত্র মোহাম্মদ তোহা ও আকরাম হোসেন। মনির ওই মাদ্রাসার শিশু শ্রেণির ছাত্র ছিল।








