ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার বিচারের দাবিতে মশাল মিছিল করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে শুরু হয়ে শাহবাগ জাতীয় জাদুঘর ঘুরে ফের টিএসসিতে এসে মিছিলটি শেষ হয়।
সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন শামসুন্নাহার হল সংসদের ভিপি শেখ তাসনীম আফরোজ ইমি। তিনি বলেন, ‘ধর্ষণ আমাদের দেশে এখন একটি স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রতিনিয়ত এধরনের ঘটনার কথা আমরা শুনতে পাই। ধর্ষকের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। তা না হলে এই দেশ, এই সমাজ থেকে ধর্ষকদের প্রতিহত করা যাবে না।’
ঢাবি ছাত্র ফেডারেশনের সভাপতি উম্মে হাবিবা বেনজির প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আপনি নুসরাতের খবর নিয়েছেন। তার চিকিৎসার জন্য জোর দিয়েছেন। এখন তো নুসরাত নেই। কিন্তু তার হত্যাকারীদের বিচার করে তার আত্মাকে শান্তি দেন। নুসরাত যে আগুনে পুড়ে মরেছে, আমরা সে আগুন নিয়ে তার হত্যার বিচার চাইতে এসেছি।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন শামসুন্নাহার হল সংসদের সহ-সাধারণ সম্পাদক ফাতিমা তাহসিন, অরণি সেমন্তি খান প্রমুখ।








