পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, ‘আজকের তরুণ প্রজন্মের এই মেধাবী প্রতিনিধিরাই আগামী দিনের বাংলাদেশকে নেতৃত্ব দেবে৷ প্রধানমন্ত্রীর সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে রয়েছে নতুন প্রজন্ম।’
শুক্রবার (২৬ জুলাই) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে শরীয়তপুর জেলা শিক্ষা ট্রাস্টের উদ্যোগে জেলার কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন৷
একেএম এনামুল হক শামীম বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে ও তার তথ্যপ্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বে নতুন প্রজন্মকে একটি বিশ্বমানের জনশক্তিতে রূপান্তরিত করতে আমরা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করে চলেছি৷ শরিয়তপুরের নতুন প্রজন্মকে উৎসাহিত ও উদ্দীপ্ত করতে আজকের এই আয়োজন অত্যন্ত গুরুত্ব বহন করে।’
শরিয়তপুরের মানুষের সুখ-দুঃখে সবসময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, ‘নড়িয়াকে নদী ভাঙনের কবল থেকে রক্ষা করতে আমাদের ২৮ লাখ জিওব্যাগ ডাম্পিংয়ের লক্ষ্যমাত্রা ছিল, কিন্তু আমরা ইতোমধ্যেই ২৯ লাখ জিওব্যাগ ডাম্পিং করেছি।’
অনুষ্ঠানে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৯ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান করা হয়৷ শরিয়তপুর জেলা শিক্ষা ট্রাস্ট্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যের মধ্যে ধর্মবিষয়ক মন্ত্রণালয়যের সচিব আনিসুর রহমান, পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. কামাল উদ্দিন তালুকদার, শরিয়তপুর জেলা শিক্ষা ট্রাস্টের মহাসচিব বি এম ইউসুফ আলী উপস্থিত ছিলেন।








