ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে (ঢামেক) ডেঙ্গু রোগে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। তার নাম নকুল কুমার দাস (৪৫)। সোমবার (৫ আগস্ট) সন্ধ্যা পৌনে সাতটার দিকে হাসপাতালের জরুরি বিভাগের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারের আইসিইউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
ঢামেক হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাছির উদ্দীন এ মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন। এ নিয়ে ঢামেকে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৪ জনে দাঁড়ালো।
জানা গেছে, সোমবার বিকালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। এর কয়েক ঘণ্টা পরই তার মৃত্যু হয়। মরদেহ নিয়ে গেছেন স্বজনরা। তিনি পেশায় শিক্ষক ছিলেন। নকুল কুমারের বাড়ি রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায়। তার গ্রামের বাড়ি নওগাঁয়। বাবার নাম মৃত নীল কান্ত দাস।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢামেকে ভর্তি হয়েছেন ১৮৩ জন।
আরও পড়ুন: ঢামেকে ডেঙ্গুতে আজও এক কিশোরের মৃত্যু
খুলনায় ডেঙ্গু আক্রান্ত গৃহবধূর মৃত্যু








