বেসরকারি বিশ্ববিদ্যালয় গ্রিন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. গোলাম সামদানি ফকির বলেন, ‘উচ্চশিক্ষা একজনকে পূর্ণাঙ্গ মানুষ হওয়ার জন্য তৈরি করে। যারা উচ্চশিক্ষা নিয়ে বের হচ্ছেন, তারা কি সেই সক্ষমতা অর্জন করতে পারছেন?’ দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের আয়োজনে ‘উচ্চশিক্ষার মান উন্নয়নে বিশ্ববিদ্যালয়ের ভূমিকা’ শীর্ষক বৈঠকিতে তিনি একথা বলেন। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে শুরু হয় বাংলা ট্রিবিউনের সাপ্তাহিক এই আয়োজন।
এ সময় আমাদের শিক্ষাব্যবস্থার সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা যদি শিক্ষার মান উন্নয়ন করতে যাই, তাহলে কতকগুলো বিষয়ে আমাদের ফোকাস করা দরকার। আমরা যে ধরনের গ্র্যাজুয়েট তৈরি করতে চাচ্ছি, তাদেরকে তৈরি করার জন্য ইউনিভার্সিটিতে যারা আসছে, তাদের প্রয়োজনকে প্রাধান্য দিতে হবে। এটা ঠিক করতে প্রথমেই আসে আমার ফ্যাকাল্টি। আমরা ধরে নিচ্ছি, যেসব শিক্ষার্থী ক্লাসে প্রথম হবেন তারাই শিক্ষক হবেন। তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো! আমরা প্রাইমারি স্কুলের টিচারদের ট্রেনিং দেওয়ার জন্য ইনস্টিটিউট করেছি। কিন্তু ইউনিভার্সিটিতে পড়াবার জন্য কোনও ট্রেনিং দরকার নেই– এটি কি ঠিক?’
সাংবাদিক মুন্নী সাহার সঞ্চালনায় আজকের বৈঠকিতে আরও অংশ নিচ্ছেন– ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) অধ্যাপক সলিমুল্লাহ খান, ইউল্যাবের জেনারেল এডুকেশন বিভাগের অধ্যাপক ও সেন্টার ফর টিচিং অ্যান্ড লার্নিংয়ের (সিইটিএল) পরিচালক মোহাম্মদ তারেক রহমান এবং স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান শেখ নাহিদ নিয়াজী।
রাজধানীর পান্থপথে বাংলা ট্রিবিউন স্টুডিও থেকে এ বৈঠকি সরাসরি সম্প্রচার করে বেসরকারি টেলিভিশন চ্যানেল এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের ফেসবুক ও হোমপেজে লাইভ দেখা গেছে এ আয়োজন। ইউল্যাবের সহযোগিতায় বৈঠকিটি অনুষ্ঠিত হয়েছে।






