ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আরিফুল ইসলাম (৩৪) নামে আরও একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (২৮ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি একটি গার্মেন্টসে কাজ করতেন। তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জ।
রাজধানীর কদমতলী থানার মুরাদপুর হাই স্কুল রোডের জিরো পয়েন্ট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন তিনি। তার বাবার নাম আব্দুল কাদের।
তার এক আত্মীয় আরাফাত রবি বলেন, গত শনিবার থেকে জ্বরে ভুগছিলেন। প্রাথমিকভাবে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নেন। পরে রক্ত পরীক্ষা করে ডেঙ্গু শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে বুধবার (২৮ আগস্ট) সকালে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন মেডিসিন বিভাগে দুপুর ২টা ২০ মিনিটে তার মৃত্যু হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, মৃতের স্বজনরা মরদেহ নিয়ে গেছেন।
তবে ঢামেক হাসপাতালে প্রায় প্রতিদিনই ডেঙ্গু রোগীর মৃত্যু হলেও গত ১০ দিন ধরে হাসপাতালে এ রোগে মৃতের সংখ্যা জানাচ্ছে না কর্তৃপক্ষ।








