ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীর সংখ্যা গত ২৪ ঘণ্টায় ১০০ এর নিচে নেমেছে। স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যমতে, নতুন করে (২৫ নভেম্বর সকাল ৮টা থেকে ২৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত) ৯৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন ১১৬ জন। এরআগে, সোমবার নতুন ভর্তি হওয়া রোগীর সংখ্যা ছিল ১১২ জন। এর আগের দিন ভর্তি হন ৯২ জন।
মঙ্গলবার (২৬ নভেম্বর) কন্ট্রোল রুম থেকে এসব তথ্য জানানো হয়। কন্ট্রোল রুম আরও জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা শতকরা ১২ দশমিক ৫ শতাংশ কমেছে।
এছাড়া, সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) ২৬৪টি মৃত্যুর মধ্যে ১৯৩টি পর্যালোচনা করে ১২১ জনের মৃত্যু ডেঙ্গুজনিত বলে নিশ্চিত করেছে।
কন্ট্রোল রুমের সহকারী পরিচালক ডা. আয়শা আক্তার বাংলা ট্রিবিউনকে জানান, নতুন ভর্তি হওয়া ৯৮ জনের মধ্যে রাজধানী ঢাকার ২৯টি বেসরকারি এবং ১২টি সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ জন আর ঢাকা মহানগরী ছাড়া ঢাকাসহ আট বিভাগের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন। অপরদিকে ছাড়পত্র নেওয়া ১১৬ জনের মধ্যে ঢাকার একই হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৪৮ জন আর ঢাকার বাইরের হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়েছেন ৬৮ জন।
ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের হাসপাতালগুলোতে মোট ৫১৯ জন ভর্তি আছেন বলেও জানান ডা. আয়শা আক্তার। এরমধ্যে রাজধানী ঢাকার হাসপাতালে ভর্তি আছেন ২৬২ জন আর ঢাকা মহানগরী ছাড়া ঢাকা বিভাগসহ আট বিভাগে ভর্তি আছেন ২৫৭ জন।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য থেকে আরও জানা যায়, চলতি মাসে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন হাজার ৬৫৯ জন। কন্ট্রোল রুমের তথ্য থেকে আরও জানা যায়, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত তাদের হিসেবে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৯৯ হাজার ৭৫৫ জন। আর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৯৮ হাজার ৯৭২ জন।








