স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য সরকারের বহুমাত্রিক পরিকল্পনার পাশাপাশি জনসচেতনতার কোনও বিকল্প নাই। এই রোগগুলোর কারণে রোগাক্রান্ত মানুষটির যেমন ক্ষতি হচ্ছে, তেমনি পরিবার তথা দেশেরও সমান ক্ষতি হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘দেশে দিন দিন অসংক্রামক রোগ বাড়ছে। ক্যান্সার, ডায়াবেটিস, সিরোসিসসহ নানা অসংক্রামক রোগ এখন প্রায় সব বাড়িতে। এর প্রধানতম কারণ চর্বি, তেল, চিনিযুক্ত খাবার বেশি খাওয়া, শারীরিক ব্যায়াম না করা, সঠিক সময়ে খাবার গ্রহণ না করা। এর ফলে নিজেদের অজান্তেই শরীরে অসংক্রামক রোগের বাসা বানানো হচ্ছে।’
বুধবার ( ২৭ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘অসংক্রামক রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণের জন্য বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা ২০১৮-২০২৫’ শীর্ষক কর্মশালায় স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কর্মশালার আয়োজন করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে অসংক্রামক রোগের কারণ হচ্ছে, তামাক সেবন, ধুমপান, অস্বাস্থ্যকর তৈলাক্ত খাবার, অতিরিক্ত লবণ, শারীরিক অলসতা, মদ্যপান ইত্যাদি। আর এসব রোগে আক্রান্ত হলে সারাজীবন সেটা বয়ে বেড়াতে হয়। তাই অসংক্রামক রোগ নিরাময়ের পরিবর্তে আমাদের রোগ প্রতিরোধের ওপর অধিক গুরুত্ব আরোপ করা উচিত।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি কমিউনিটি স্বাস্থ্য সহায়তা ট্রাস্টের চেয়ারম্যান ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেন, ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় অসংক্রামক রোগকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।’








