ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল তার ওপর হওয়া হামলাকে পরিকল্পিত দাবি করে বলেছেন, জনগণ ভোটের মাধ্যমে হামলার জবাব দেবে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে রাজধানীর রায়ের বাজারের প্রেমতলা এলাকা থেকে গণসংযোগ শুরুর আগে পথসভায় তিনি একথা বলেন।
তাবিথ বলেন, ‘সরকারদলীয় সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে বারবার হামলার চেষ্টা চালাচ্ছে। জনগণ ভোটের মাধ্যমে এর জবাব দেবে। জনগণ স্বতঃস্ফূর্তভাবে বিএনপির পক্ষে অবস্থান নিচ্ছে। নির্বাচনি শৃঙ্খলা বজায় রাখতে নির্বাচন কমিশন পদক্ষেপ নেবে। আমরা নির্বাচন কমিশনের আশ্বাস নয়, দৃশ্যমান পদক্ষেপ দেখতে চাই।’
ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডে প্রায় ৩২৫ কিলোমিটারের বেশি পথ হেঁটে গণসংযোগে ব্যাপক সাড়া পেয়েছেন দাবি করে তাবিথ আউয়াল বলেন, ‘প্রচারের সময় জনগণের কাছে গিয়েছি। গণসংযোগে ব্যাপক গণজোয়ার সৃষ্টি হয়েছে। আমাদের প্রতিপক্ষরা গণজোয়ার দেখে হামলা করছে। এতে অনেকে আহত হয়েছেন।’
পথসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি এমাজউদ্দিন আহমেদ বলেন, ‘এই ধানের শীষ খালেদা জিয়ার, তারেক রহমানের ধানের শীষ, জনগণের ধানের শীষ। আপনারা তাবিথ আউয়ালকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।’ তরুণ প্রজন্মের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখন তোমাদের সময়। তোমরা তোমাদের যোগ্য নেতাকে বেছে নেবে। তাবিথ ধানের শীষের যোগ্য প্রার্থী।’
তিনি আরও বলেন, ‘আমরা যে জন্য দেশ স্বাধীন করেছি, তা এখন হারিয়ে গেছে। কথা বলার অধিকার নেই। স্বাধীনভাবে চলাচলের অধিকার নেই। কথা বলার অধিকার আদায় করতে হবে। আমার সন্তানতুল্য তাবিথ আউয়াল যে দায়িত্ব নিয়েছে, সে যেন এই দায়িত্ব পালন করতে পারে, তার জন্য তাকে সুযোগ দিতে হবে।’
এসময় তিনি বলেন, ‘ধানের শীষ বিজয়ী হলে খালেদা জিয়ার মুক্তির পথ ত্বরান্বিত হবে।’
এসময় উপস্থিত ছিলেন—বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, আবুল খায়ের ভূঁইয়া, আতাউর রহমান ঢালী, বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মাদ রহমাতুল্লাহ, নিপুণ রায় চৌধুরীসহ অন্যান্য নেতাকর্মী।








