বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কটূক্তির অভিযোগে ফরিদপুরের আলফাডাঙ্গার গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইনামুল হাসানের বিরুদ্ধে আদালতে মানহানির মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলামের আদালতে মামলাটি দায়ের করেন সেন্ট্রাল ল কলেজের বঙ্গবন্ধু আইন ছাত্র পরিষদের উপপ্রচার সম্পাদক সৈয়দ রিয়াদ মিয়া। আদালত আগামী ২৬ ফেব্রুয়ারি আসামি ইনামুল হাসানকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।
মামলায় বাদী পক্ষে আইনজীবী ছিলেন মোস্তফা কামাল, মবিনুল ইসলাম, প্রিয়লাল সাহা, সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি, সহকারী পাবলিক প্রসিকিউটর আজাদ রহমান ও সহকারী পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ৮ জানুয়ারি গোপালপুর ইউনিয়নের পাড়াগ্রাম বাজার মোড়ে এক অনুষ্ঠানে ইনামুল হাসান তার বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে কটূক্তিমূলক বক্তব্য দেন।








