অবৈধভাবে পরিচালিত পাঁচটি ব্যাটারি রিসাইকেল কারখানায় অভিযান চালিয়ে সেগুলো ভেঙে দিয়েছে পরিবেশ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ ফেব্রুয়ারি) সাভারের হেমায়েতপুর এলাকায় এই অভিযান চালানো হয়।
পরিবেশ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ অধিদফতরের মনিটরিং ও এনফোর্সমেন্ট ইউনিটের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদ হেমায়েতপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ৫টি ব্যাটারি রিসাইকেল কারখানা স্কেভেটর (মাটি কাটার যন্ত্র) দিয়ে ভেঙে দেওয়া হয়। রাজফুলবাড়িয়া এলাকায় বিদ্যুত সংযোগ বিচ্ছিন্নসহ লিজেন্ড ব্যাটারি লিমিটেড ও জেলটেক ব্যাটারি লিমিটেড নামের দু’টি ব্যাটারি প্রস্তুতকারী অবৈধ কারখানা সিলগালা করে দেওয়া হয়। এছাড়া ক্ষতিকর বর্জ্য দিয়ে পরিবেশ দূষণের দায়ে হিট ইনস্যুলিটেড কেবিনেট প্রস্তুতকারী সেভেন স্টার ওয়ার্কস নামের আরেকটি কারখানাকে এক লাখ টাকা জরিমানা আদায় করে কারখানার উৎপাদন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।








