টাঙ্গাইল জেলার ৮ পৌরসভার নির্বাচনে বাতিল হওয়া ৩৮ প্রার্থীর মধ্যে ২১ জন তাদের মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন। এর মধ্যে দু’জন মেয়র প্রার্থী, ১২ জন কাউন্সিলর প্রার্থী ও ৭ জন সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন। জেলা নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
মেয়র পদে বাতিল হওয়া ৮ প্রার্থীর মধ্যে আপিল করেছিলেন ৪ জন। তার মধ্যে দু’জন বৈধতা পেয়েছেন। তারা হলেন, ধনবাড়ি পৌরসভার আওয়ামী লীগের খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন, বিএপির এএমএ সোবহান। অপর প্রার্থী ফেরদৌস আহম্মেদের আপিল খারিজ করে দেওয়া হয়। তিনি রিটার্নিং কর্মকর্তা কর্তৃক আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মনোনয়ন বাতিল বহাল রাখার জন্য আপিল করেছিলেন।
ভুঞাপুর পৌরসভার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তরিকুল ইসলাম চঞ্চল হলফ নামায় তথ্য গোপন করা, মামলার তথ্য না দেওয়ায় তার আপিল নামঞ্জুর হয়েছে।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জন আপিল কারির মধ্যে ৭ জনের মনোনয়নের বৈধতা ফিরে পেয়েছেন। তারা হলেন, মধুপুর পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের ঊষা আর্য্য, ৩নং সংরক্ষিত ওয়ার্ডের নুর জাহান বেগম, ধনবাড়ী পৌরসভার সংরক্ষিত ১নং ওয়ার্ডের লাইলি বেগম ও ২নং সংরক্ষিত ওয়ার্ডের রহিমা বেগম। এছাড়াও ভুঞাপুর পৌরসভার সংরক্ষিত ২নং ওয়ার্ডের কহিনুর বেগম, কালিহাতী পৌরসভার ৩নং সংরক্ষিত ওয়ার্ডের বর্ণালী দেব নাথ ও সখীপুর পৌরসভার ২নং সংরক্ষিত ওয়ার্ডের রহিমা আক্তার। একজনের আপিল দায়ের পদ্ধতির মধ্যে ত্রুটি থাকায় তার আপিল খারিজ হয়ে যায়।
সাধারণ কাউন্সিলর পদে বাতিল হওয়া ২২ জনের মধ্যে ২০ জন আপিল করে। এদের মধ্যে ১২ জনের আপিল মঞ্জুর হয়।
তারা হলেন, ধনবাড়ী পৌরসভার ২নং ওয়ার্ডের প্রার্থী মো. জাকারিয়া, ৪নং ওয়ার্ডের মীর আব্দুর রাজ্জাক, ৫নং ওয়ার্ডের মো. ফজলুল হক, ৮নং ওয়ার্ডের আনোয়ার হোসেন ও ৯নং ওয়ার্ডের মো. রফিকুল ইসলাম প্রার্থিতা ফিরে পেয়েছেন। টাঙ্গাইল পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মোজাফর আলী, শাহজাহান মিয়া বাবু, ৪নং ওয়ার্ডের মো. নুরুল আলম, ১১নং ওয়ার্ডের মেহেদী হাসান আলীম ও ১৪নং ওয়ার্ডের সুজাউল করিম মানিক।
এছাড়া মধুপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো: শহিদুল ইসলাম, গোপালপুর পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আব্দুল খালেক মন্ডল প্রার্থিতা ফিরে পেয়েছেন।
বয়স ২৫ বছরের নিচে হওয়ায়, শিক্ষাগত যোগ্যতার সনদ হলফ নামার সঙ্গে মিল না থাকা, মামলার তথ্য গোপন করাসহ নানা কারণে ৮ জনের আপিল না মঞ্জুর করা হয়।
প্রসঙ্গত, টাঙ্গাইল জেলার আটটি পৌরসভা নির্বাচনে মেয়র পদে সর্বমোট ৩৮ জন, সংরক্ষিত মহিলা পদে ১৩২ জন ও কাউন্সিলর পদে ৩৪২ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। এদের মধ্যে মেয়র পদে ৮ জন সাধারণ কাউন্সিলর পদে ২২ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮ জনের মনোনয়ন বাতিল করেন সংশ্লিষ্ট পৌরসভার রিটার্নিং কর্মকর্তা।
/এসটি/








