করোনা পরিস্থিতির কারণে দেশের কারাগারগুলো থেকে তৃতীয় ধাপে ২ হাজার ৩২৯ জন বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে। মুক্তির তালিকায় থাকা ২ হাজার ৮৮৪ জন কারাবন্দির মধ্যে প্রথম ধাপে ১৭০ জন ও দ্বিতীয় ধাপে ৩৮৫ জন কারাগার থেকে ছাড়া পান। বাকি থাকা ২ হাজার ৩২৯ জনকে মুক্তি দেওয়া শুরু হয়েছে। শুক্র ও শনিবারের মধ্যে তাদের ছেড়ে দিতে কারা অধিদফতর থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।
শুক্রবার (৮ মে) রাতে কারা অধিদফতরের অতিরিক্ত মহাপরিদর্শক কর্নেল আবরার হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তৃতীয় ও শেষ ধাপে বাকিদের মুক্তি দেওয়া শুরু হয়েছে। আজকে অনেকে ছাড়া পেয়েছেন। বাকিরা আগামীকালের মধ্যে ছাড়া পাবেন। শুক্র ও শনিবারের মধ্যে এই প্রক্রিয়া শেষ করতে দেশের কারাগারগুলোতে নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করি, যথাযথ সময়ের মধ্যেই শেষ হবে।’
উল্লেখ্য, গত ২ মে প্রথম ধাপে মুক্তি পান ১৭০ জন কারাবন্দি। পরদিন (৩ মে) দ্বিতীয় ধাপে মুক্তি পান আরও ৩৮৫ জন।








