আশুলিয়ায় অজ্ঞাত এক নারীর সাত টুকরো লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে আশুলিয়ার বাইপাইল ও ডিইপিজিডের সামনে থেকে মৃতদেহের কয়েকটি অংশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার দুপুরের দিকে আশুলিয়ার নবীনগর-কালিয়াকৈর মহাসড়কের বাইপাইল ব্রিজের নিচে পলিথিনে মোড়ানো বস্তু দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। তারা ওই পলিব্যাগের কাছে গিয়ে এর ভেতরে মানবদেহের টুকরো টুকরো অংশ দেখতে পান। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নারীর শরীরের ৫টি অংশ উদ্ধার করে।
এর কিছু সময় পরই আশুলিয়ার ডিইপিজেডের গনকবাড়ি এলাকা থেকে পলিব্যাগে মোড়ানো আরও দুটি অংশ উদ্ধার করে পুলিশ।
এছাড়া শনিবার সকালে আশুলিয়ার ঢাকা-আরিচা মহাসড়কের ডেইরি ফার্মের সামনে থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বলেন, নিহত নারীকে অন্য কোথাও হত্যার পর লাশটি গুম করতে সাত টুকরো করে দুটি স্থানে ফেলে রেখেছে দুর্বৃত্তরা। এছাড়া নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আশুলিয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
/এসটি/ এএইচ/








