ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জাল সনদসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এ সময় তাদের এক সহযোগীকেও গ্রেফতার করা হয়। সোমবার (৫ অক্টোবর) সিআইডির সহকারী পুলিশ সুপার জিসান আহমেদ বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
তিনি বলেন, ‘গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজধানীর ইন্দিরা রোডের একটি বাসা থেকে সনদ জাল করা একটি চক্রকে গত ৩ অক্টোবর গ্রেফতার করেছে সিআইডির ঢাকা মেট্রোপলিটন এর পূর্বের একটি টিম। চক্রটি ঢাকা বিশ্ববিদ্যালয়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক, বাংলাদেশের বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের জাল সনদ তৈরি করে বিক্রি করে আসছিল। চক্রটি বিভিন্ন ব্যক্তি ও শিক্ষা প্রতিষ্ঠানের সিল মোহর প্রস্তুত করে। এসব সনদ বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রি করে আসছিল তারা।’
গ্রেফতার ব্যক্তিরা হলো চক্রের মূলহোতা কামরুজ্জামান মো. সালাম (৫৭), তার স্ত্রী রুমিনা আক্তার (৪০) এবং তাদের সহযোগী মাহমুদুল হাসান সোহাগ (৩৩)।
সিআইডি জানায়, গ্রেফতার হওয়া আসামি কামরুজ্জামান সালাম দীর্ঘদিন ধরে দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার পদে দায়িত্ব পালন করেছেন। ২০১৬ সালের ১৬ জুলাই সরকার ওই বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ করে দেয়। এরপর থেকে আসামি সালাম ও তার স্ত্রী রুমিনা আক্তার রাজধানীর ইন্দিরা রোডের একটি বাসায় ‘হোমোসেপিয়েন্স’ নামে একটি কোচিং সেন্টার চালু করেন। এই কোচিং সেন্টার থেকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নামে জাল সনদ দিয়ে আসছেন তারা।
সালাম ও রুমিনা আক্তারের কাছ থেকে ৪৬টি জাল সনদ ও বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের ছয়টি সিল উদ্ধার করা হয়।







