জঙ্গি দমনে বিশেষ অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেন, দেশকে অস্থিতিশীল ও অকার্যকর করতে বিভিন্ন স্থানে জঙ্গি হামলার ঘটনা ঘটানো হচ্ছে। বাংলাদেশে কোনও আইএস নেই। রবিবার দুপুরে সচিবালয়ে দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
রাজশাহীতে আত্মঘাতী হামলার বিষয়ে আইএসের দায় স্বীকার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসব আন্তর্জাতিক ষড়যন্ত্র ও চক্রান্ত। ইরাকি বংশোদ্ভূত এক নারী যেকোনও ঘটনা ঘটলেই আইএস দায় স্বীকার করেছে বলে জানান। এগুলো একই সূত্রে গাঁথা।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে আইএসের কোনও অস্তিত্ব নেই। বাংলাদেশে যেসব জঙ্গি ধরা পড়ছে তারা আনসারুল্লাহ বাংলা টিম ও জেএমবি। এদেশের মানুষ ধর্মভীরু। তারা জঙ্গিবাদে বিশ্বাস করে না। এ ধরনের কাজে যারা জড়িত তাদের খবর আইন-শৃঙ্খলা বাহিনীকে দিচ্ছে মানুষ।
জঙ্গিবাদ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ জন্য মসজিদের ইমাম, ওলামায়ে কেরাম, মন্দির ও গির্জার পুরোহিতদের সঙ্গে কওমি মাদ্রাসার শিক্ষার্থীর দিয়ে জঙ্গিবাদবিরোধী প্রচারণা চালানো হবে।
এক সপ্তাহের মধ্যে ঢাকা ও চট্টগ্রামে জেএমবির দু’টি আস্তানার সন্ধান এবং সন্দেহভাজন জঙ্গিদের গ্রেফতার আইনশৃঙ্খলা বাহিনীর সফলতা দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গিদের গ্রেফতার করতে না পারলে এবং তাদের কাছ থেকে বিস্ফোরকগুলো উদ্ধার করা না গেলে বড় ধরনের ঘটনা ঘটতে পারত। দেশের সার্বিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে। শঙ্কিত হওয়ার কোনও কারণ নেই।
/জেইউ/এসএম/এমএনএইচ/








