আগামী ৩০ ডিসেম্বর পৌরসভা নির্বাচনকে সুষ্ঠু ও নির্বিঘ্নে অনুষ্ঠানসহ সার্বিক আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশসহ অন্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে রাজশাহীর ১৩ পৌরসভার ১৩৯টি ভোটকেন্দ্রে দুই হাজার আনসার ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবে। এছাড়া রাজশাহী
জেলার ৩৯টি কেন্দ্রকে বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
রবিবার আনসার ভিডিপি রাজশাহী রেঞ্জ কার্যালয়ের গণসংযোগ সহকারী শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, প্রত্যেক ভোট কেন্দ্রে অস্ত্রসহ ১ জন প্লাটুন কমান্ডার (পিসি) ও অস্ত্রসহ ১ জন সহকারী প্লাটুন কমান্ডারের (এপিসি) নেতৃত্বে ৬ জন পুরুষ ও ৬ জন নারী আনসার মেতায়েন করা হবে।
সূত্র জানায়, গৃহিত কর্মসূচি অনুযায়ী জেলা কমান্ড্যান্ট আশরাফুল আলমের সার্বিক তদারকিতে রাজশাহী জেলার ১৩টি পৌরসভার আসন্ন নির্বাচনে ১৩৮টি ভোটকেন্দ্রে আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে এক হাজার ৯৩২ জন। রাজশাহীর কাটাখালী, তানোর, মুন্ডুমালা, কেশরহাট, ভবানীগঞ্জ, তাহেরপুর, দুর্গাপুর, চারঘাট ও আড়ানী পৌরসভার ভোটকেন্দ্রে ৯টি করে। এসব পৌরসভায় ১২৬ জন করে মোতায়েন থাকবে।
অপর দিকে গোদাগাড়ী পৌরসভার ১৬টি কেন্দ্রে ২২৪, কাঁকনহাট পৌরসভার ১১টি কেন্দ্রে ১৫৪, নওহাটা পৌরসভার ১৯টি কেন্দ্রে ১৩৬ ও পুঠিয়া পৌরসভার ১১টি কেন্দ্রে ১৫৪ জন মোতায়েন করা হবে। রাজশাহী জেলার ৩৯টি কেন্দ্র বেশি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে তানোর ও মুন্ডুমালা সবকটি কেন্দ্রই অধিক ঝুকিপূর্ণ। অন্যান্য অধিক ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে নওহাটা ৪, কেশরহাট ২, ভবানীগঞ্জ ৩, তাহেরপুর ৪, পুঠিয়া ৩, চারঘাট ৩ ও আড়ানী ২টি ভোটকেন্দ্র।
/আরএ/








