রাজধানীর গুলশানে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে এক দম্পতিকে আটক করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন গৃহকর্তা মৈনুল ও গৃহকর্তী হাওয়া বিবি। গৃহকর্মী রিকতাকে (১০) ঢামেকের ওসিসিতে ভর্তি করা হয়েছে।
গুলশান থানার উপ-পরিদর্শক বেলাল হোসেন বলেন, গুলশানের কালাচাঁদপুর এলাকার একটি বাসায় ভাড়াটিয়া মৈনুল ইসলামের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করতো রিকতা। পুলিশকে রিকতা জানিয়েছে, সে দুষ্টুমি করার কারণে বিভিন্ন সময়ে তাকে মারধর করতো, গৃহকর্তী হাওয়া বিবি। তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে শারীরিক নির্যাতনের জখম রয়েছে। মুখমণ্ডল ও চোখ ফুলে গেছে।
এসআই বেলাল বলেন, ভিকটিম রিকতাকে গতরাতে উদ্ধার করে মঙ্গলবার ( ৩ নভেম্বর) বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেছি। এ ঘটনায় পুলিশ বাদী থানায় একটি মামলা করা হয়েছে। তিনি বলেন, আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে। রিকতার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলায়, এর চেয়ে বেশি কিছু শিশুটি বলতে পারিনি। এমনকি বাবা মার নাম ও বলতে পারেনি। ৬/৭ মাস ধরে সে ওই বাসায় কাজ করতো।
ঢামেক হাসপাতালের ওসিসির সমনায়ক ডা. বিলকিস বেগম বলেন, রিকতার মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। এছাড়াও অন্য কোনও নির্যাতন হয়েছে কিনা, তা পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে।







