আইন বিষয়ে আদালতে ভালো বলতে হলে আইনজীবীদের বেশি বেশি বই পড়তে হবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। একইসঙ্গে তথ্যপ্রযুক্তি নির্ভর বর্তমান যুগে অনলাইনেও আইন সংশ্লিষ্ট বই পড়ার জন্য উৎসাহিত করেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা।
সোমবার (৯ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে ‘কোর্ট ও ট্রাইব্যুনাল ডাটাবেজ কাভারেজ সিস্টেম মানুপত্র’ আয়োজিত এক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এ মন্তব্য করেন।
আইনজীবীদের উদ্দেশে এএম আমিন উদ্দিন বলেন, ‘আপনারা যেকোনও আইনি বিষয়ে জানার জন্য মানুপত্র ডাটাবেজ ব্যবহার করতে পারেন। আমরা গত মার্চ মাসে একটি পরিকল্পনা করেছিলাম—বারের পরিবেশ কীভাবে সাজানো যায়। লবি কীভাবে সুন্দর হবে, হলরুম কীভাবে সুন্দর হবে ইত্যাদি বিষয়ে। কিন্তু অন্য সবকিছু খারাপ থাকুক, লাইব্রেরি সুন্দর না হলে কোনও কাজ হবে না। এজন্য লাইব্রেরিতে অনলাইনে আইনি বিষয়ে বই পড়ার জন্য মানুপত্র ডাটাবেজ ব্যবহারে আইনজীবীদের উৎসাহ দেওয়ার চিন্তা করি।’
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতির পাশাপাশি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত আমিন উদ্দিন আরও বলেন, ‘যারা লাইব্রেরিতে লেখাপড়া করেন, যাদের লেখাপড়া করার জন্য নেট ব্যবস্থা রয়েছে, সে ধরনের দুইজন আইনজীবীকে বারের লাইব্রেরিতে কো-অপট করবো। এজন্য আমরা প্রথমে আজিম ও আনিতা গাজীর নাম নিলাম। আনিতা এসব কাজে খুবই পারদর্শী। তাই তাকে আমরা কো-অপট করলাম। ’
তিনি বলেন, ‘প্রথম থেকেই আমাদের মাথায় চিন্তা ছিল আমাদের লাইব্রেরিটাকে ইউটিলাইজ করা। আমরা এখানে কত বই নিতে পারবো। ৩০ লাখ টাকা আনা হয়েছে বই কেনার জন্য। কিন্তু বই রাখার জায়গা নেই। জায়গার সংকট। সেই চিন্তার প্রতিফলন কিন্তু আজকে ঘটলো।’ অনলাইনে আইনি ডাটাবেজ মানুপত্র ব্যবহার করে আমাদের লাইব্রেরি সমৃদ্ধ করতে পারবো বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, ‘করোনাকালে সুপ্রিম কোর্টের দুইজন আইনজীবী লাইব্রেরির জন্য ১০টি কম্পিউটার দিলেন। আমাদের পেশাগত উন্নয়নের জন্য লাইব্রেরি সমৃদ্ধ করা জরুরি। আমি মনে করি, মানুপত্র অনলাইনের মধ্যে সার্চ করার ক্ষেত্রে সবচেয়ে উপযুক্ত।’
সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সিনিয়র সহ-সম্পাদক ব্যারিস্টার ইমতিয়াজ ফারুক। এ সময় আরও উপস্থিত ছিলেন—সমিতির সহ-সভাপতি আব্দুল জব্বার ভুঁইয়া, সহ-সম্পাদক বাকির উদ্দিন ভুইয়া, কার্যনির্বাহী কমিটির সদস্য মার-ই-য়াম খন্দকার, মোহাম্মদ মশিউর রহমান, আমিরুল ইসলাম খোকন, মো. মহসিন কবির, সাইফুদ্দিন রতন, হুমায়ুন কবির, মোহাদ্দেস উল ইসলাম টুটুল প্রমুখ।








