বাংলাদেশে কর্মরত ডাচ বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো (এনজিও) বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে তাদের সহায়তা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) নেদারল্যান্ডসে বাংলাদেশ দূতাবাস আয়োজিত বাংলাদেশে ডাচ এনজিও কনক্লেভে অংশগ্রহণকারী ডাচ এনজিওগুলো তাদের এই আশ্বাস পুনর্ব্যক্ত করে।
বাংলাদেশে বিভিন্ন খাতে কর্মরত ৩০টি ডাচ এনজিও এতে অংশগ্রহণ করে। নেদারল্যান্ডসে বাংলাদেশ রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ সম্মেলন সঞ্চালনা করেন।
দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, কোভিড-১৯ মহামারির পরিপ্রেক্ষিতে উদ্ভূত চ্যালেঞ্জ মোকাবিলা করে উন্নয়ন অংশীদাররা কিভাবে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে এবং করোনা পরবর্তী সময়ে তারা কিভাবে তাদের কার্যক্রম পুনর্বিন্যাস করবে, সে সম্পর্কে মত বিনিময় করেছেন বক্তারা। উন্মুক্ত আলোচনায় ব্র্যাক চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান মুখ্য বক্তব্য প্রদান করেন।
রাষ্ট্রদূত হামিদুল্লাহ এনজিওগুলোকে ‘বাংলাদেশের বন্ধু’ অভিহিত করে তার স্বাগত বক্তব্যে বাংলাদেশের স্বাস্থ্য, শিক্ষা, পানি ও স্যানিটেশন, কৃষি, মানসিক স্বাস্থ্য প্রভৃতি খাতে ডাচ এনজিওগুলোর অবদানের প্রশংসা করে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জনে বাংলাদেশে ডাচ এনজিওগুলোর সহযোগিতার আহ্বান জানান।
ড. হোসেন জিল্লুর রহমান বলেন, করোনা মহামারি প্রযুক্তি এবং অভিবাসন খাতে দৃশ্যমান প্রভাব ফেলেছে। করোনা মহামারির কারণে দেশের প্রযুক্তি খাতে বিশেষ করে সরবরাহ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি খাতে তথ্য প্রযুক্তির সৃষ্টিশীল প্রসার ঘটেছে। করোনা মহামারি উন্নয়ন সংস্থাগুলোর জন্য কাজের নতুন নতুন ক্ষেত্রও সৃষ্টি করেছে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশ অনেকাংশে এক উদ্যোগমূলক সমাজ যেখানে ডাচ এনজিওগুলো তাদের উদ্ভাবনী কর্মকাণ্ডের প্রসার ঘটাতে পারে। দেশের স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি খাতের উন্নয়নে বেসরকারি খাতের পাশাপাশি তিনি স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার প্রতি গুরুত্বারোপ করেন।









