করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে রাজধানী ঢাকার পরিচ্ছন্নতাকর্মীদের দ্রুত টিকাদানের দাবি জানিয়েছে প্রাইমারি ওয়েস্ট কালেকশন সার্ভিস প্রোভাইডার (পিডব্লিউসিএসপি)। এছাড়া তাদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামের পাশাপাশি নিরাপদ কর্মস্থলের দাবিও করা হয়েছে।
শনিবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর মিরপুর-২ নম্বরে অবস্থিত সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়েছে।
লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি নাহিদ আক্তার লাকী বলেন, আপনারা শুনে আরও অবাক হবে যে, করোনা মহামারির সময়েও সরকার বা সিটি করপোরেশনের কাছ থেকে আমরা বেসরকারি খাতের পরিচ্ছন্নতাকর্মীরা কোনও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পাইনি। এক মুঠো ত্রাণও পায়নি পরিচ্ছন্নতাকর্মীরা। অথচ আমরা তখন করপোরেশনের মেয়রের কাছে একাধিক আবেদনও করেছি। আমাদের প্রতিটি আবেদনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুপারিশ থাকলেও করপোরেশন কোনও ব্যবস্থা নেয়নি। আমরা পরিচ্ছন্নতাকর্মীদের সুরক্ষার জন্য জরুরি ভিত্তিতে করোনার টিকা দানে অগ্রাধিকার দিতে সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।
তিনি অভিযোগ করে বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা করোনার সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করেছে। এই মহামারি দুর্যোগ মুহূর্তেও আমাদের কর্মীরা প্রতিদিন নাগরিকদের বাসা বাড়ি থেকে ময়লা সংগ্রহ করেছে। এই কাজ করতে গিয়ে আমাদের বেশ কয়েকজন কর্মী করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণও করেছেন। অনেকে করোনায় আক্রান্তও হয়েছেন। অথচ এই কর্মীদের কোনও স্বীকৃতি দেওয়া হয়নি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পিডব্লিউসিএসপির সহ-সভাপতি মোহাম্মদ মামুন কেন্দ্রীয় কমিটির সদস্য
আওলাদ হোসেন, ফিরোজ মাহমুদ প্রমুখ।








