ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন রাহেল আহমেদ। এর আগে সর্বশেষ তিনি প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে একই ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও ব্যাংকটির ডিজিটালাইজেশনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রাহেল আহমেদ।
ব্যাংকার হিসেবে দুই যুগেরও বেশি সময়ের অভিজ্ঞতা সম্পন্ন রাহেল আহমেদ দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে জামানতবিহীন ঋণের প্রচলন করে সাড়া ফেলেন।
রাহেল আহমেদ বলেন, মাত্র দুই বছরের কম সময় আগে যাত্রা শুরু করেও ‘নগদ’ দেশের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস খাতে বড় রকমের পরিবর্তন নিয়ে আসতে পেরেছে। মূলত উদ্ভাবনী পরিকল্পনা থেকেই গ্রাহকদের জন্য নতুন নতুন সেবা নিয়ে এসেছে ‘নগদ’, যা দেশের গ্রাহকদের কাছে জনপ্রিয় হয়েছে এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা দ্বারা প্রশংসিত হয়েছে।
প্রসঙ্গত, বর্তমানে ‘নগদ’র তিন কোটির বেশি কার্যকর গ্রাহক আছে এবং প্ল্যাটফর্মটির মাধ্যমে দিনে গড়ে ৩০০ কোটি টাকার লেনদেন হচ্ছে। দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের মাঝে বিভিন্ন ভাতা বিতরণেও সরকারকে একটি চমৎকার ডিজিটাল প্ল্যাটফর্ম উপহার দিয়েছে ‘নগদ’।









