ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়ে বর্তমানে জামিনে থাকা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের স্বাস্থ্য পরীক্ষা করেছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মেডিক্যাল বোর্ড। তারা কিশোরের চোখ, কান ও ডায়াবেটিসের সমস্যাগুলোর জন্য কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেন।
আদালতের নির্দেশনা অনুযায়ী কার্টুনিস্ট কিশোরের শারীরিক অবস্থার পরীক্ষা-নিরীক্ষা করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড। বৃহস্পতিবার (১৮ মার্চ) সকাল ১১টা থেকে প্রায় ২ ঘণ্টা ধরে তার স্বাস্থ্য পরীক্ষা করেন চিকিৎসকরা।
এ ব্যাপারে হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানিয়েছেন, আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। বৃহস্পতিবার সকালে মেডিক্যাল বোর্ড তাকে দেখেছেন। এ ব্যাপারে মেডিক্যাল বোর্ডের সদস্য ও অর্থোপেডিক বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. ফখরুল আমিন খান বলেছেন, আমারা তাকে দেখেছি, এবং যা পেয়েছি তা রিপোর্টে দিয়ে দেবো ।
গত ১৪ মার্চ নির্যাতন ও হেফাজতে মৃত্যু নিবারণ আইনে করা কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের মামলা গ্রহণ করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত। মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্তের নির্দেশ দেন আদালত। একইসঙ্গে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ৩ জন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে একটি মেডিক্যাল বোর্ড গঠন করে ২৪ কর্মঘণ্টার মধ্যে কিশোরকে যাবতীয় পরীক্ষা-নিরীক্ষা করে পিবিআইয়ের তদন্ত কর্মকর্তার কাছে প্রতিবেদন জমা দিতেও নির্দেশ দেন আদালত।









