কে কাকলী, কোথায় ‘কাকলী ফার্ণিচার’

সালমান তারেক শাকিল
২৩ মে ২০২১, ১১:০০আপডেট : ২৪ মে ২০২১, ০২:০৬

‘দামে কম মানে ভালো’ স্লোগান এখন মাতিয়ে রেখেছে ওপার বাংলা। স্লোগানটি বাংলাদেশের কাকলী ফার্নিচারের। গাজীপুরের মাওনা চৌরাস্তায় সন্ধান মিলল প্রতিষ্ঠানটির প্রধান শোরুমের। নেটিজেনদের কল্যাণে ভাইরাল হওয়া এই ফার্নিচার ব্যবসার দেখাশোনা করেন এস এম সোহেল রানা ও তার বোনজামাই আমান উল্লাহ। বাবা হাজী আবুল কাশেমের হাত ধরে এ ব্যবসার হাল ধরেন তারা।

ঢাকা-কলকাতায় ভাইরাল হওয়া কাকলী ফার্নিচারের বিজ্ঞাপনি সাড়ায় যারপরনাই উচ্ছ্বসিত তারা। শনিবার (২২ মে) বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে আবুল কাশেম ও সোহেল রানা জানালেন কাকলী ফার্নিচারের গল্প।

শো রুমে এস এম সোহেল রানা ও আমান উল্লাহ

ছিল কাঠের ছোট দোকান
হাজী আবুল কাশেম বাংলা ট্রিবিউনকে জানান, তিনি অন্তত ২০ বছর ধরে কাঠমিস্ত্রির কাজ করছেন। বাড়িতে ছোটখাটো কারখানা আছে। বছর দশেক আগে বাড়ির পাশে মাওনা চৌরাস্তায় কাকলী ফার্নিচার নামে একটি শোরুম দেন।

আবুল কাশেম বলেন, ‘আমি কৃষক মানুষ। বাড়িতেই থাকি। কাঠের ব্যবসা করি বেশ কয়েক বছর। আমার এক ছেলে সোহেল রানা ও এক মেয়ে কাকলী। তার নামেই এ ব্যবসা।’

শুক্রবার (২১ মে) বাংলা ট্রিবিউনের দিল্লি প্রতিনিধি রঞ্জন বসু তার প্রতিবেদনে জানিয়েছেন, বিনোদন জগতের তারকা থেকে সাধারণ মানুষ, সবাই কাকলী ফার্নিচার নিয়ে টিকাটিপ্পনি বা পোস্ট করতে পিছিয়ে নেই। 'দামে কম, মানে ভালো'- এই যে স্লোগানটি কাকলী ফার্নিচারের বিজ্ঞাপনে ব্যবহৃত হয়েছে সেটিও এখন পশ্চিমবঙ্গে জনপ্রিয়তার তুঙ্গে!

ঢাকা-কলকাতায় ভাইরাল কাকলী ফার্নিচারের নাম ছড়িয়ে পড়ায় আনন্দিত আবুল কাশেম। বললেন, ‘আমি তো শুনছি। ইন্টারনেটে মানুষরা এটা নিয়ে কথা বলছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাই।’

গাজীপুর জেলার মাওনা চৌরাস্তা এলাকায় ‘কাকলী ফার্ণিচার’

‘দামে কম মানে ভালো’
সোহেল রানা পেশায় একজন সাংবাদিক। মাইটিভির প্রতিনিধি হিসেবে গাজীপুর জেলায় কাজ করছেন। জানালেন, ‘তিনটি শোরুম আছে আমাদের। মাওনা চৌরাস্তায় প্রধান শোরুম, দ্বিতীয়টি ময়মনসিংহের ভালুকায়। তিন নম্বরটি ময়মনসিংহ সিটি করপোরেশনের ধোপাখোলায়। এর বাইরে নেই।’

দশ বছর আগে থেকেই ‘দামে কম মানে ভালো’ স্লোগানটি বিজ্ঞাপন হিসেবে ব্যবহৃত হয়ে আসছে বলে জানান সোহেল রানা। তিনি বলেন, ‘আমরা পারিবারিকভাবে স্লোগানটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’ ভাইরাল হওয়ায় বিজ্ঞাপনগুলো সোহেল রানার বানানো বলে জানান তিনি।

সোহেল রানা বলেন, ‘আমি নগণ্য ব্যক্তি। অভাবগ্রস্ত পরিবারের ছেলে ছিলাম। এ জন্য বিজ্ঞাপনটা কোনওমতে বানানো। অবশ্য সব ত্রুটিই খারাপ নয়। ত্রুটির কারণেই তো আজ ওটা ভাইরাল হলো।’

কে কাকলী, কোথায় ‘কাকলী ফার্ণিচার’

ভাইরাল হওয়ার পর থেকে বিক্রি বেড়েছে বলে জানালেন সোহেল রানা। তিনি বলেন, ‘নেটিজেনদের কারণেই ভাগ্য খুলছে। তাদের কাছে কৃতজ্ঞ।’ আগামী দিনে বিক্রি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন সোহেল রানা।

কে কাকলী, কোথায় ‘কাকলী ফার্ণিচার’

কলকাতায় শোরুম?
সোহেল রানা জানান, সরকারের সহযোগিতা পেলে দেশের বাইরেও কাকলী ফার্নিচারের শোরুম খোলার ইচ্ছে আছে তাদের। বিশেষ করে কলকাতায়। তিনি বলেন, ‘দামে কম মানে ভালো’ স্লোগান এখন জনপ্রিয়। তাই প্রতিষ্ঠানের পরিসর বড় করার সুযোগ আছে তাদের। দরকার শুধু সহযোগিতা। টাকা হলে সবার আগে কলকাতাতেই শোরুম খোলা হবে বলে জানান সোহেল।

 

/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় অভিযোগের পরই টার্গেট, নিরাপত্তা চাইতে গিয়ে নতুন আতঙ্কে ভুক্তভোগীরা 
থানায় অভিযোগের পরই টার্গেট, নিরাপত্তা চাইতে গিয়ে নতুন আতঙ্কে ভুক্তভোগীরা 
টিকি-টাকার যুগ পেরিয়ে নতুন স্পেন, কী বদল এনেছেন দে লা ফুয়েন্তে?
টিকি-টাকার যুগ পেরিয়ে নতুন স্পেন, কী বদল এনেছেন দে লা ফুয়েন্তে?
সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
সেপ্টেম্বরের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড়
কমিউনিটি ব্যাংকে এ-চালান বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
কমিউনিটি ব্যাংকে এ-চালান বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা
সর্বাধিক পঠিত
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
রাজধানীতে বাস-সিএনজির সংখ্যা অর্ধেক হয়ে গেলো কেন
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা, চার দিনে ২ কোটি
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
এসএসসি ও সমমানের ফল প্রকাশের তারিখ ঘোষণা
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি
বাড়িওয়ালা-ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে ডিএমপি