বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান। তিনি বলেছেন, ‘বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। আমি আশা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’
বুধবার (২৬ মে) দুপুর আড়াইটায় বিএনপির পক্ষ জরুরি ওষুধ ও চিকিৎসার যন্ত্রপাতি হস্তান্তরকালে এ আশাবাদ ব্যক্ত করেন ইউসেফ এস ওয়াই রামাদান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সহায়তা সামগ্রী রাষ্ট্রদূতের হাতে তুলে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সহায়তার জন্য বিএনপি ও বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানিয়ে রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান বলেন, ‘আমরা অত্যন্ত আনন্দিত এই সময়ে তাদের উপহার পেয়ে। ফিলিস্তিনের জনগণ আপনাদের উপহারকে কৃতজ্ঞচিত্তে গ্রহণ করছে। আমরা বিএনপির নেতৃত্ববৃন্দকে ধন্যবাদ জানাই।
এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, ‘ফিলিস্তিনের জনগণের ওপর যে অন্যায় আক্রমণ করা হচ্ছে এবং শিশু-নারীসহ অসংখ্য মানুষকে হত্যা ও আহত করা হয়েছে, তাদের অনেক বাড়ি-ঘর ধ্বংস হয়ে গেছে। হাসপাতাল ধ্বংস হয়ে গেছে। আমরা এই বর্বরোচিত হামলার নিন্দা জানিয়েছি প্রথম থেকেই। ফিলিস্তিনের প্রেসিডেন্টকে সহমর্মিতা জানিয়ে চিঠিও দিয়েছিলাম। তাদের সঙ্গে আমরা একাত্মতা ঘোষণা করেছি।’
মির্জা ফখরুল বলেন, ‘আজকে আমরা এখানে এসেছি সামান্য কিছু ওষুধ ও চিকিৎসার যন্ত্র নিয়ে। যেগুলো সামান্য হলেও তাদের সংগ্রামে সাহায্য করবে।’
বিএনপির মহাসচিব আরও বলেন, ‘‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি যে, ফিলিস্তিনের এই সংগ্রাম ও যুদ্ধের সময়ও তারা যখন নিজস্ব ভূমির জন্য একটা ন্যায়সঙ্গত লড়াই করছে সেই সময়ে দুঃখজনকভাবে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্টের ওপর থেকে ‘এক্সসেপ্ট ইসরায়েল’ কথাটা বাদ দিয়েছে। এই ঘটনায় আমরা অত্যন্ত দুঃখবোধ ও ক্ষোভ প্রকাশ করেছি।’’
এসময় ফরেন রিলেশন্স কমিটির সদস্য ড. ইনামুল হক চৌধুরী, বিএনপির চেয়াপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান উপস্থিত ছিলেন।








