মহাখালীর সাততলা বস্তিতে অবৈধ গ্যাস ও বৈদ্যুতিক সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন। সোমবার (৭ মার্চ) সকাল ৭টায় ঘটনাস্থলে ব্রিফিংয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন বলেন, ‘আমরা অগ্নিকাণ্ডের খবর পাই আজ ভোর ৩টা ৫৯ মিনিটে। আমাদের প্রথম ইউনিট ৪টা ১২ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায় এবং তখন থেকে আমরা কাজ করছি। পরে ভোর ৬টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।’
তিনি বলেন, 'বস্তিতে টিনের ঘর এবং সেপারেশন বেশি হওয়াতে আমাদের আগুন নেভাতে বেগ পেতে হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ১৮টি ইউনিট কাজ করেছে। আগুন আপাতত নিয়ন্ত্রণে আছে। এখন পর্যন্ত আগুনে হতাহতের কোনও ঘটনা আমাদের চোখে পড়েনি। এখন পর্যন্ত যে ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে বলা চলে একশ’র ওপরে ঘর পুড়ে গেছে। ঘরের আসবাবপত্র পুড়ে গেছে।’
আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস কী মনে করছে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এখানে প্রচুর পরিমাণে অবৈধ গ্যাস ও বিদ্যুতের লাইন রয়েছে। আমরা প্রাথমিকভাবে মনে করছি, এই দুইটার যেকোনও একটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’
আগুন নেভানোর ক্ষেত্রে কী কী প্রতিবন্ধকতা ফায়ার সার্ভিস পেয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘনবসতি হওয়ায় এবং সেপারেশন থাকায় আমাদের ফায়ার সার্ভিস নির্দিষ্ট স্থানে পৌঁছাতে কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। এ কারণে আগুন নেভাতে কিছুটা সময় বেশি লেগেছে। এছাড়া দাহ্য বস্তু উপস্থিতি বেশি থাকায় আগুনটা বেশি ছড়িয়েছে।’
আগুনের কারণ সন্ধানে ফায়ার সার্ভিসের কোনও তদন্ত কমিটি গঠিত হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, ‘তদন্ত কমিটি এখনও হয়নি, তবে একজন ডিডির নেতৃত্বে চার সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হবে। তদন্ত কমিটির অনুসন্ধানে আগুনের প্রকৃত কারণ বেরিয়ে আসবে বলে আমরা আশা করছি। আমাদের তদন্তে পরিষ্কার সবকিছু আসবে, কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে।’









