পুলিশের সহায়তায় নিজের শিশুসন্তানের কাছে ফিরতে পেরেছেন এক মা। ঘটনাটি ঝালকাঠি জেলার সদর থানা এলাকার।
পুলিশ সদর দফতরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস উইংয়ের এআইজি মো. সোহেল রানা জানান, ঢাকা থেকে এক নারী পুলিশের মিডিয়া উইংকে জানান, তার শ্বশুরবাড়ি ঝালকাঠি সদর থানায়। প্রেমের বিয়ে হলেও পরে পারিবারিকভাবে সবাই মেনে নেয়। স্বামীর সঙ্গে শ্বশুরবাড়িতেই থাকতেন। প্রথম সন্তান মারা যায় ওই নারীর। পরে যে কন্যাসন্তানের জন্ম হয় তার বয়স এখন দেড় বছর। কিন্তু বাগবিতণ্ডার জেরে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন ওই গৃহবধূকে তাড়িয়ে দিয়েছিল বাড়ি থেকে। দীর্ঘদিন তিনি তার শিশুসন্তানকে দেখতে পান না। অনেকভাবে চেষ্টা করেছেন ফিরে যেতে। কোনোভাবেই পারেননি।
ওই নারীর বার্তা পেয়ে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং ঝালকাঠি সদর থানার ওসি মো. খলিলুর রহমানকে নির্দেশনা দেয়- ওই নারীকে সসম্মানে তার শ্বশুরবাড়িতে তুলে দেওয়ার ব্যবস্থা নিতে। পরে ওসির উদ্যোগে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্যদের উপস্থিতি ও মধ্যস্থতায় ওই গৃহবধূ তার শ্বশুরবাড়িতে ওঠেন। বহুদিন পর সন্তানকে কাছে পেয়ে আবেগাপ্লুতও হয়ে পড়েন তিনি।
শ্বশুরবাড়ির লোকজন ও স্বামীকে গৃহবধূর মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে পুলিশ।









