ঢাকাই চলচ্চিত্রের আলোচিত নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমণিসহ তিন জনের বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায়
অভিযোগ গঠন শুনানি পেছালো। পরবর্তী শুনানির জন্য আগামী ৫ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মামলার অপর দুই আসামি হলেন- আশরাফুল ইসলাম দিপু ও কবির হোসেন।
রবিবার (২ জানুয়ারি) ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে মামলার অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। কিন্তু এদিন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আইয়ুবুর রহমান মারা যাওয়ায় আদালত পূর্ণ দিবস মুলতবি করা হয়। এজন্য আদালত অভিযোগ গঠন শুনানির জন্য নতুন এই দিন ধার্য করেন।
এর আগে গত ১৪ ডিসেম্বর ঢাকার বিশেষ জজ-১০ এর বিচারক নজরুল ইসলামের আদালতে পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন পরীমণি অসুস্থ হওয়ায় আদালতে উপস্থিত হননি। সে জন্য তার আইনজীবী নীলাঞ্জানা রিফাত সুরভী সময় চেয়ে আবেদন করেন। আদালত আবেদন মঞ্জুর করে আজ ২ জানুয়ারি অভিযোগ গঠনের শুনানির জন্য দিন ধার্য করেছিলেন।









