ভারত থেকে বিভিন্ন পন্থায় ডলার নিয়ে আসা হতো বাংলাদেশে। পরে বাংলাদেশ থেকে স্বর্ণ কিনে ভারতে পাচার করত চক্রটি। এমন একটি চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ।
শনিবার (১৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের দারুস সালাম জোনের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শুক্রবার সন্ধ্যার পর চুয়াডাঙ্গার দর্শনা থেকে রাজধানীর গাবতলীতে আসে একটি বাস। গোপন তথ্যের ভিত্তিতে সেই বাসে অভিযান পরিচালনা করে আমরা চারজনকে জিজ্ঞাসাবাদ করি। পরে তাদের কাছ থেকে ২৫ লাখ টাকা মূল্যের ডলার উদ্ধার করা হয়।
মিজানুর রহমান আরও বলেন, শাড়ি কাপড় ও চকলেট আনা নেওয়ার আড়ালে চলছিল স্বর্ণ চোরাচালান। ঢাকায় ঢুকতে নিরাপদ মাধ্যম হিসেবে গণপরিবহন বিশেষ করে বাস ব্যবহার করে আসছিল তারা।









