যাত্রীসেবা ও পণ্য পরিবহণে শ্রমিকদের আরও বেশি সতর্ক থাকতে হবে উল্লেখ করে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা মানুষকে সেবা দিতে চাই। বাংলার মানুষ যেন মনে করে আমরা তাদের পাশে আছি। বাংলার মানুষ একটু সহযোগিতা পেলেই খুশি থাকে।’
বুধবার (২৭ এপ্রিল) ঢাকা সদরঘাট টার্মিনালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নৌযান শ্রমিকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। এসময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, পরিচালক (বন্দর) ওয়াকিল নেওয়াজ, ঢাকা নদী বন্দরের কর্মকর্তা (যুগ্ম পরিচালক) আলমগীর কবিরসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন।
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, ‘যাত্রী সেবায় শ্রমিকদের আরো মনযোগ দিতে হবে। একসঙ্গে সবাইকে নিয়ে ঈদের আনন্দ পেতে চাই। কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যেন ঈদের আনন্দকে মলিন করে না দেয় সেদিকে সচেষ্ট থাকতে হবে।’
প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) যাত্রী ও পণ্য পরিবহন ব্যবস্থাপনায় সেবা দিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতি, জীবন-জীবিকা সচল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি যাত্রী ও পণ্য পরিবহনের সাথে জড়িত শ্রমিকদেরও সেবা দিয়ে থাকে।
করোনার সময়ে বিআইডব্লিউটিএ শ্রমিকদের পাশে ছিল উল্লেখ করে তিনি বলেন, ‘করোনা মহামারির সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। ব্যবসা-বাণিজ্য সচল রাখতে এবং মানুষের স্বাস্থ্য ঝুঁকিমুক্ত রাখতে কাজ করেছেন। প্রধানমন্ত্রীর সুচিন্তিত ব্যবস্থাপনায় খেটে খাওয়া মানুষরা ক্ষতিগ্রস্থ হয়নি। প্রধানমন্ত্রী জীবন ও জীবিকার কথা বলেছেন- যা খুবই প্রশংসিত হয়েছে।
প্রসঙ্গত, আজ দেশের ২০টি নদী বন্দরে সাড়ে ৬ হাজার প্যাকেট খাদ্য বিতরণ করা হয়েছে। প্রতি প্যাকেটে এক কেজি পোলাওর চাল, এক কেজি লাচ্ছি সেমাই, এক কেজি চিনি, হাফ লিটার তেল ও এক কেজি লবণ রয়েছে।









