সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের কক্ষের সামনে আাইনজীবীদের কিলঘুষি ও রক্তাক্ত জখমের মামলায় বিএনপিপন্থী চার আইনজীবীকে ছয় সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। পাশাপাশি দুই আইনজীবীকে ছয় সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত।
জামিনপ্রাপ্তরা হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য গাজী মো. কামরুল ইসলাম সজল, সহ-সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য কামরুল ইসলাম এবং সাগর হোসেন।
আত্মসমর্পণ করতে বলা হয়েছে, আব্দুল কাইয়ুম ও নূরে আলম সিদ্দিকীকে।
আইনজীবীদের আগাম জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার (৩০ মে) বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, বদরোদ্দোজা বাদল, এএম মাহবুব উদ্দিন খোকন ও আইনজীবী রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. সারওয়ার হোসেন।
এর আগে ১৮ মে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদকের নেমপ্লেট খুলে ফেলা এবং ওই কক্ষের সামনে হাতাহাতি ও কিলঘুষি মেরে দুই আইনজীবীকে রক্তাক্ত জখমের ঘটনা ঘটে। সেসব অভিযোগে পরদিন সুপ্রিম কোর্টের প্রশাসনিক কর্মকর্তা রবিউল হাসান বাদী হয়ে শাহবাগ থানায় মামলা দায়ের করেন।









