নড়াইলে কলেজশিক্ষক স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরানোর ঘটনায় দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন। এ ছাড়া খুলনার বিভাগীয় কমিশনারকে তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। মঙ্গলবার জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগম স্বাক্ষরিত এক নির্দেশনায় এসব কথা বলা হয়।
নির্দেশনায় বলা হয়, নড়াইলে পুলিশের সামনে এক কলেজ অধ্যক্ষকে জুতার মালা পরানোর বিষয়টি জাতীয় মানবাধিকার কমিশনের দৃষ্টি আকৃষ্ট হয়। গণমাধ্যম সূত্রে জানা যায় যে, বিতর্কিত মন্তব্যের জন্য ভারতের বিজেপি নেত্রী নূপুর শর্মার ছবি দিয়ে ফেসবুকে নড়াইল সদর উপজেলার মির্জাপুর ইউনাইটেড কলেজের এক শিক্ষার্থী একটি পোস্ট দেয়। ওই পোস্টকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। কিছু মুসলিম শিক্ষার্থী তাকে পোস্ট মুছে ফেলার জন্য বলে। এরই মধ্যে ‘অধ্যক্ষ ওই ছাত্রের পক্ষ নিয়েছেন’ এমন কথা রটানো হয়। এই কথাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয় এলাকায়। স্থানীয়দের একটি পক্ষ অধ্যক্ষ ও দুজন শিক্ষকের মোটরসাইকেল পুড়িয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়দের সঙ্গে তাদেরও সংঘর্ষ হয়। ওই সময় ধর্ম অবমাননার অভিযোগ তুলে মির্জাপুর ইউনাইটেড কলেজের ছাত্র ও স্থানীয়রা ভারপ্রাপ্ত অধ্যক্ষ| স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে তাকে ক্ষমা চাইতে বাধ্য করে।
মানবাধিকার কমিশনের নির্দেশনায় বলা হয়, ধর্ম অবমাননার অভিযোগ এনে একজন সনাতন ধর্মাবলম্বী শিক্ষকের গলায় জুতার মালা পরানোর ঘটনা সাম্প্রদায়িক অনাকাঙ্ক্ষিত। এ ঘটনা একজন ব্যক্তির মানবিক মর্যাদাকে ক্ষুণ্ণ করেছে। পুলিশের উপস্থিতিতে কীভাবে এ ধরনের দুর্ভাগ্যজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা বোধগম্য নয়।
ওই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার বিষয়ে তদন্ত করে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করে প্রতিবেদন দাখিলের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে বলেছে জাতীয় মানবাধিকার কমিশন।









