প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ বলেছেন, বৈদেশিক কর্মসংস্থান খাত আরও গতিশীল হওয়ায় নতুন নতুন দেশের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ সৃষ্টি হচ্ছে।
কর্মসংস্থানের উদ্দেশ্যে টেকনিক্যাল ইন্টার্ন কর্মীদের জাপানে গমন উপলক্ষে বুধবার (২০ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) আয়োজিত এক বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, ৪৭ জন টেকনিক্যাল ইন্টার্ন কর্মী জাপানের উদ্দেশে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করেন।
প্রবাসী কল্যাণমন্ত্রী কারিগরি দক্ষতার ওপরে গুরুত্ব দিয়ে বলেন, ‘দেশের জনগণকে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। কারণ, দক্ষতা বাড়লেই বিদেশে কর্মসংস্থানের মাধ্যমে রেমিট্যান্স বাড়বে।’ এ সময় তিনি আই এম জাপান প্রতিনিধিকে বাংলাদেশ থেকে আরও বেশি কর্মী নেওয়ার আহ্বান জানান। এছাড়া তিনি তাদেরকে বাংলাদেশেই জাপানগামী কর্মীদের পরীক্ষাকেন্দ্র স্থাপনের অনুরোধ জানান।
মন্ত্রী বলেন, ‘বিএমইটি’র অধীনে দেশের ৩২টি প্রশিক্ষণ প্রতিষ্ঠানে ছয় মাস মেয়াদি জাপানিজ ভাষা প্রশিক্ষণ কোর্স পরিচালনা করা হচ্ছে। এই কোর্সের আওতায় এ পর্যন্ত ৩ হাজার ৫৬৬ জন জাপানিজ ভাষা প্রশিক্ষণ গ্রহণ করেছেন। আই এম জাপানের মাধ্যমে ইতোমধ্যে ১৮৩ জন টেকনিক্যাল ইন্টার্ন কর্মী হিসেবে জাপানে গেছেন। আজ ৪৭ জন কর্মী জাপানে যাচ্ছেন এবং আরও ২৯২ জন কর্মী জাপান গমনের অপেক্ষায় আছেন।’
বিদায়ী অনুষ্ঠানে বিএমইটি’র মহাপরিচালক মো. শহিদুল আলম, এনডিসি’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন ও সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান এবং আই এম জাপানের প্রতিনিধি মি. ইয়োসিহিরো হোতা।







