গৃহকর্মীদের সুরক্ষা, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিতকল্পে পরিপূর্ণ গাইডলাইন করতে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ও অকার্যকর ঘোষণা করা হবে না— জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। আইনমন্ত্রী, আইন মন্ত্রণালয়ের সচিবসহ ৮ জনকে রিটে বিবাদী করা হয়েছে।
এ সংক্রান্ত রিটের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (২৮ আগস্ট) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।
আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ ও ব্যারিস্টার কাজী মারুফুল আলম।
পরে ব্যারিস্টার কাজী মারুফুল আলম বাংলা ট্রিবিউনকে বলেন, গৃহকর্মীদের নিয়ে ২০১৫ সালে একটি সুরক্ষা ও কল্যাণ নীতি করা হয়েছিল। কিন্তু সেখানে গৃহকর্মীদের সুযোগ-সুবিধার বিষয়ে অনেক সীমাবদ্ধতা, ক্ষতিপূরণ চাওয়ার বিষয়ে অস্পষ্টতা রয়েছে। এ বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন চেয়ে গত ২০ আগস্ট আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট চারজনকে একটি চিঠি পাঠিয়েছিলাম।
কিন্তু সিই চিঠির জবাব না পেয়ে মানবাধিকার সংগঠন ফাউন্ডেশন ফর ল অ্যান্ড ডেভেলপমেন্টের (ফ্লাড) পরিচালক ব্যারিস্টার কাজী মারুফুল আলম ও ন্যাশনাল ডমেস্টিক ওমেন ওয়ার্কার ইউনিয়ন (এনডিডাব্লিউইউ) এর পক্ষে আইনজীবী জাহান আরা হক বাদী হয়ে রিটটি দায়ের করেন।








