বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রতিক্রিয়া থেকে দেশকে রক্ষা করতে বেশি বেশি বৃক্ষরোপণ অপরিহার্য। দেশের আনাচে-কানাচে বৃক্ষরোপণ কর্মসূচি ছড়িয়ে দিতে হবে। শিশুদের গাছের প্রতি ভালোবাসা জাগ্রত করার উদ্যোগ নেওয়া প্রয়োজন।
কেরানীগঞ্জের চুনকুটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাঁধন সোসাইটি অব বাংলাদেশ আয়োজিত ‘যুগব্যাপী (২০২২-২০৩৪) মুজিবের সবুজ বাংলাদেশ প্রকল্পে’র আওতায় আজ শনিবার (১৫ অক্টোবর) এই কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা করতে পারলে পরিবেশ সুরক্ষিত থাকবে। সরকার তাই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের উদ্যোগ নিয়েছে। বৃক্ষরোপণের পর তা সংরক্ষণের দায়িত্ব সংশ্লিষ্টদের নিতে হবে বলেও তিনি উল্লেখ করেন।
বাঁধন সোসাইটি অব বাংলাদেশের চেয়ারম্যান সীমা হামিদ বলেছেন, তৃণমূল পর্যায় থেকে পরিবেশ উন্নয়নে কার্যকর অবদান রাখতে ‘মুজিবের সবুজ বাংলাদেশ' প্রকল্প নেওয়া হয়েছে। গ্রামাঞ্চলে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ এবং শহরাঞ্চলে ছাদ বাগান করতে সহযোগিতা করা হবে। পলিথিনের যত্রতত্র ব্যবহার পরিহারে জনসচেতনতা সৃষ্টিতেও বাঁধন সোসাইটি অব বাংলাদেশ কাজ করবে।









