ঢাকা বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন ও বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক সাদেকা হালিম বলেছেন, সব ধরনের বৈষম্য দূর করে নারী-পুরুষের সমান সুযোগ-সুবিধাসহ সমঅধিকার বাস্তবায়ন ছাড়া সরকারের টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব নয়। নারীর সমঅধিকার প্রতিষ্ঠায় রাষ্ট্রীয়ভাবে আইনগত অধিকারের স্বীকৃতি দিতে হবে।
সোমবার (১৭ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে অনুষ্ঠিত দিল মনোয়ারা মনু স্মারক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘সম্পত্তিতে নারীর সমঅধিকার এবং সিডও সনদের সংরক্ষণ প্রত্যাহারপূর্বক পূর্ণ বাস্তবায়নের প্রাসঙ্গিকতা’ শীর্ষক এই আলোচনা সভা অ্যাসোসিয়েশন ফর ল্যান্ড রিফর্ম অ্যান্ড ডেভলপমেন্টের (এএলআরডি) ও দিল মনোয়ারা মনু স্বজন পর্ষদের যৌথ উদ্যোগে আয়োজিত হয়।
সম্পদে লিঙ্গ সমতা বিধান, উত্তরাধিকার আইনের পরিবর্তন বা সংশোধন, হিন্দু ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদের আইনগত অধিকার, সম্পত্তিতে নারীদের অধিকার প্রতিষ্ঠার দাবি জানিয়ে অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘সম্পত্তিতে মালিকানার পূর্ণ অধিকার পায় খুবই কম নারী। খাস জমি হস্তান্তরে আইনি অসমতা, ভালো বোনের তকমা দিয়ে নারীর সম্পত্তির অধিকার ছিনিয়ে নেওয়া হয়। হিন্দু নারীরা সম্পত্তিতে জীবনস্বত্ব পেলেও হস্তান্তর বা বিক্রয়ের অধিকার পায় না। বৌদ্ধরা সনাতনী আইন অনুসরণ করায় নারীরা সম্পত্তি পায় না। মাতৃপ্রধান উত্তরাধিকার রীতি ছাড়া উত্তরাধিকার আইন বা প্রথা ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নারীদেরও সম্পত্তিতে সমান অধিকার দেয় না।’
সাংবাদিক দিল মনোয়ারা মনু প্রসঙ্গে অধ্যাপক ড. সাদেকা হালিম বলেন, ‘নারী সাংবাদিকদের অন্যতম পথিকৃত দিল মনোয়ারা মনু। আমাদের দেশে নারী সাংবাদিকদের কাজের পরিবেশও তিনি তৈরি করেছেন।’
আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক অধ্যাপক ও এএলআরডি’র নির্বাহী পরিষদের সহ-সভাপতি ড. রওশন আরা ফিরোজ এবং স্বাগত বক্তব্য দেন এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা।









