কবি ও নাট্যকার রুমা মোদকের হাতে মমতাজউদদীন নাট্যকার পুরস্কার তুলে দেওয়া হয়েছে। রাজধানীর ‘উন্নয়ন সমন্বয়’-এর সভাকক্ষে এ পুরস্কার তুলে দেন বিখ্যাত শিল্পী ও বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ। এসময় রুমা মোদক তার বক্তব্যে মমতাজউদদীন আহমদের নাটককে তৃণমূলে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।
বুধবার (১৮ জানুয়ারি) নাট্যজন মমতাজউদদীন আহমদের ৮৯তম জন্মদিন। বরাবরের মতো মমতাজউদদীন আহমদ সংগ্রহশালার পক্ষে থেকে এ আয়োজন করা হয়। বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা আবেদ খান ও নাট্যকার অধ্যাপক ড. রতন সিদ্দিকী এ বছর নাট্যগ্রন্থ হিসেবে রুমা মোদকের ‘নির্বাচিত নাটক’ গ্রন্থটিকে নির্বাচিত করেন।
শিল্পী শাহাবুদ্দিন বলেন, বাঙালি হওয়া কঠিন। সবাই বাঙালি কিন্তু বাঙালিতে বাঙালিতে তফাত আছে। নাটক, সাহিত্য-সংস্কৃতি-এসব কিছুতে বঙ্গবন্ধুর বিশেষ আগ্রহ ছিল। ওটা আমাদের জন্য বিরাট পাওয়া। খুব কম রাষ্ট্রপ্রধানকে এমনটা দেখা যায়। বঙ্গবন্ধু যে বলতেন আমি বাঙালি আমি বাংলায় কথা বলি এসব একদিনে আসেনি। তিনি আরও বলেন, স্বাধীন হওয়ার পরে নাটকের সুগন্ধ ছড়িয়ে গেলো। বাংলাদেশ হয়েছে বলে মমতাজউদদীন হয়েছেন, মমতাজউদদীন হয়েছেন বলে নাটক হয়েছে।
সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান বিশ্বসাহিত্য ভবনের সত্ত্বাধিকারী তোফাজ্জল হোসেনের অর্থায়নে পুরস্কারটি প্রদান করা হয়। পুরস্কার হিসেবে নাট্যকার পান নগদ ১০ হাজার টাকা এবং বিশ্বসাহিত্য ভবন থেকে প্রকাশিত অধ্যাপক মমতাজ উদদীন আহমদ রচিত প্রায় ৭০টি গ্রন্থ।
উল্লেখ্য, অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার নামে ইতোমধ্যে একটি পুরস্কার বাংলা একাডেমি থেকে প্রদান করা হচ্ছে।









