সাংবাদিক দম্পতি সাগর-রুনির জীবনযাপন, পোশাক-আশাক এবং হত্যাকাণ্ডের পরে গত ১১ বছরে বিভিন্ন বিষয় নিয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে। আলোচিত এই হত্যাকাণ্ডের ১১ বছরপূর্তিতে পরিবারের সদস্যদের আয়োজনে শনিবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটের ইন্দিরা রোডে এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এ বিষয়ে নিহত সাংবাদিক মেহেরুন রুনির ভাই নওশের আলম বাংলা ট্রিবিউনকে বলেন, এর আগেও এই প্রদর্শনীটি আমরা করেছি। গত কয়েক বছর এই প্রদর্শনী বন্ধ ছিল। এবার আবার প্রদর্শনীটি করতে যাচ্ছি আমরা। সাংবাদিক দম্পতি সাগর-রুনি’র ব্যবহার্য বিভিন্ন পোশাক-আশাক, তাদের লাইফস্টাইল এবং হত্যাকাণ্ড পরবর্তী বিভিন্ন বিষয় প্রদর্শনীতে স্থান পাবে।
তিনি আরও বলেন, ‘১১ ফেব্রুয়ারি শুধু একদিন এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। ১০ জন আর্টিস্ট এই প্রদর্শনীতে অংশ নেবেন। তারা তুলির আঁচরে সাগর-রুনির বিভিন্ন বিষয় ফুটিয়ে তুলবেন।’
২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজার বাজার ভাড়া বাসায় হত্যাকাণ্ডের শিকার হন সাংবাদিক দম্পতি মাছরাঙ্গা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরোয়ার ও এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মেহেরুন রুনি।









