গারো এবং হাজং শিশুদের স্বতঃস্ফূর্তভাবে আঁকা ১০০টি ছবি নিয়ে প্রদর্শনীর আয়োজন করেছে ইএমকে সেন্টার এবং লাইটশোর ফাউন্ডেশন। বৃহস্পতিবার (২ মার্চ) ছিল আয়োজনের দ্বিতীয় দিন।
বুধবার (১মার্চ) এ প্রদর্শনীর উদ্বোধন হয়েছে, চলবে আগামী ৬ মার্চ পর্যন্ত। রাজধানীর ধানমন্ডিতে ইএমকে সেন্টারে চলছে এই আয়োজন। তবে শুক্রবার (৩ মার্চ) প্রদর্শনী বন্ধ থাকবে।
প্রদর্শনীর উদ্বোধনী আয়োজনে অংশ নেন— ইউ ওয়াই সিস্টেমের ফারহানা এ রাহমান, জেসিআই ঢাকা ফাউন্ডারসের লোকাল প্রেসিডেন্ট এম আসিফ রাহমান, ইউএনডিপির হেড অব কমিউনিকেশন আবদুল কাইয়্যুম।
আবদুল কাইয়্যুম বলেন, ‘এই ধরনের উদ্যোগ পিছিয়ে পড়া শিশুদের সৃজনশীলতা বাড়াবে। পাশাপাশি তাদেরকে আরও আত্মবিশ্বাসী করে তুলবে। এ সব শিশুদের মূলধারার শিক্ষার সঙ্গে যুক্ত করতে হলে আমাদের সবার সম্মিলিত প্রয়াস দরকার।’
এম আসিফ রহমান বলেন, ‘সুবিধাবঞ্চিত এই শিশুগুলো আগে কখনও রঙ-তুলি হাতে নেয়নি। এরা এত সুন্দর পেইন্ট করে নিজের চোখে না দেখলে হয়তো বিশ্বাস করতামনা। আমি এখানে কৃতজ্ঞতা জানাতে চাই লাইটশোর-কে। তারা বাচ্চাদের মনের ভাব প্রকাশ করার জন্য এত সুন্দর ইভেন্টের আয়োজন করেছে। লাইটশোর ফাউন্ডেশন শুধু একটা আর্ট ক্যাম্প প্রদর্শনীই না, বাচ্চাদের জন্য একটা স্কুল করার স্বপ্ন দেখেছে এবং সেটা বাচ্চাদের নিজেদের টাকায়। এটা বাংলাদেশের জন্য উদাহরণ হয়ে থাকবে।’
প্রদর্শনীর উদ্যোক্তা সুলতানা রাজিয়া উল্লেখ করেন, আমরা আশা করছি, এই এক্সিভিশন আয়োজনের মধ্যে দিয়ে এদের আঁকা ছবিগুলো বিশ্ব দরবারে তুলে ধরার পাশাপাশি, তাদের জন্য এ রকম আরও ভিন্নধর্মী আয়োজন করবো ভবিষ্যতে।









