সুপ্রিম কোর্ট বার সম্পাদকের কক্ষ ভাঙচুর ও আওয়ামীপন্থি আইনজীবীদের মারধরের অভিযোগে বিএনপিপন্থি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলসহ ২৫ জনের নামোল্লেখ করে করে মামলা দায়ের করা হয়েছে। এই মামলায় অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়।
মঙ্গলবার (১৬ মে) রাতে রাজধানীর শাহবাগ থানায় আইনজীবী সমিতির সহকারী সুপারিন্টেনডেন্ট মো. রফিকউল্লাহ এ মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে এক নারী আইনজীবীকে হেনস্তা ও যৌন হয়রানির অভিযোগ আনা হয়েছে। আজ বুধবার বিকালে বাংলা ট্রিবিউনকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ।
এর আগে গতকাল দুপুরে সুপ্রিম কোর্টের বার প্রাঙ্গণে নির্বাচনে ভোট ডাকাতির অভিযোগ এনে বিক্ষোভ শুরু করেন বিএনপিপন্থি আইনজীবীরা। এ সময় আওয়ামীপন্থি আইনজীবীরাও অবস্থান নেন সেখানে। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হয়। এতে চারজন আহত হন। এ সময় সুপ্রিম কোর্ট বারের সম্পাদকের কক্ষের দরজা-জানালা ভাঙচুর করা হয়।
তার আগে গত ১৫ ও ১৬ মার্চ হট্টগোল, হামলা, ভাঙচুর, মামলা, সাংবাদিক পেটানো, প্রধান বিচারপতির কাছে নালিশ ও ধাক্কাধাক্কির মধ্যে অনুষ্ঠিত হয় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচন। ১৪টি পদের নির্বাচনে সবকটিতে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল জয়ী হয়। নির্বাচনে ভোট দেওয়া থেকে বিরত থেকেছিলেন বিএনপি সমর্থক আইনজীবীরা। তারপর থেকে বিএনপিপন্থি আইনজীবীরা আন্দোলন করে আসছেন।
আরও পড়ুন:
সুপ্রিম কোর্ট বারে দুপক্ষের আবারও হট্টগোল, সম্পাদকের কক্ষ ভাঙচুর









