গালফ এয়ারের পাইলট মার্কিন নাগরিক ক্যাপ্টেন মোহান্নাদ ইউসুফ হাসান আলহেন্দির মৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের অবহেলা তদন্ত করতে স্বাস্থ্য অধিদফতরে করা আবেদন নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ৭ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
পাশাপাশি রিট আবেদনকারীর ভাইয়ের মৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতালের ভূমিকা অনুসন্ধান বা তদন্তে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, ইউনাইটেড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এবং তিন চিকিৎসককে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার (১৬ জুলাই) বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মো. শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার সাকিব মাহবুব। অপরদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান (জামান)।
আইনজীবী সাকিব মাহবুব বলেন, ‘রিটের শুনানি নিয়ে ৩০ দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালককে বলা হয়েছে। পরে ৭ দিনের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
এর আগে গালফ এয়ারের পাইলট মার্কিন নাগরিক ক্যাপ্টেন মোহান্নাদ ইউসুফ হাসান আলহেন্দি মৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকদের অবহেলা তদন্তে গত ৪ মার্চ স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক বরাবর একটি আবেদন করেন তার বোন তালা আলহেন্দি জোসিপানো। সেই আবেদন নিষ্পত্তি না করায় গত ৬ জুন পাইলটের বোন তালা আলহেন্দি জোসিপানো রিটটি করেন।
প্রসঙ্গত, এর আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাইলট ইউসুফ হাসান আলহেন্দির বোন তালা আলহেন্দি জানান, ইউনাইটেড হাসপাতাল এবং গালফ এয়ারের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করে একটি মামলা দায়ের করতে যাচ্ছি। আমি যদি ওই মামলা থেকে কোনও ক্ষতিপূরণ পাই, তাহলে সেটা বাংলাদেশের চিকিৎসা সেবার জন্য দান করে দেবো। বাংলাদেশে চিকিৎসায় অবহেলার কারণে আমার এবং আমার পরিবারের মতো কোনও ব্যক্তির যাতে আর ক্ষতি না হয়। বাংলাদেশে একটি ইতিবাচক পরিবর্তনের জন্য দায়িত্ববোধ থেকে এই কাজটি করতে চাই।
ওই বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গালফ এয়ারের বিদেশি পাইলট ক্যাপ্টেন মোহান্নাদ ইউসুফ আলহেন্দি ফ্লাইট নিয়ে গত বছর ১৪ ডিসেম্বর বাংলাদেশে আসেন। আসার পরদিন ভোরে অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হলে তিনি মারা যান। এরপর চলতি বছরের ১৪ মার্চ ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে মামলা করেন প্রয়াত পাইলটের বোন তালা আলহেন্দি।









