বিএনপির ডাকা হরতালের সমর্থনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রবিবার (২৯ অক্টোবর) দুপুর ১২টায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে নেতৃত্ব দেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট আব্দুল জাব্বার ভূঁইয়া, অ্যাডভোকেট শাহ আহমেদ বাদল, অ্যাডভোকেট মাহবুবুর রহমান খান প্রমুখ।
এর আগে, শনিবার (২৮ অক্টোবর) নির্ধারিত সমাবেশ পণ্ড হওয়ার পর দলীয় কার্যালয়ের নিচে হ্যান্ডমাইকে প্রথমে হরতালের ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘বিএনপির শান্তিপূর্ণ সমাবেশে পুলিশ লাঠিচার্জ, সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ছুঁড়ে সমাবেশে পণ্ড করে দিয়েছে। এর প্রতিবাদে রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করবে বিএনপি।’
পরে জামায়াতের পক্ষ থেকেও আলাদাভাবে হরতাল পালনের ঘোষণা দেওয়া হয়। হরতালের ডাক দিয়ে ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেন, ‘সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, বিএনপির মহাসমাবেশে আওয়ামী লীগ ও পুলিশের হামলা, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ নেতাকর্মীদের গ্রেফতার এবং জামায়াত ঘোষিত ২৮ অক্টোবরের মহাসমাবেশে পুলিশের বাধাদান ও মহাসমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে রবিবার সারা দেশে সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের কর্মসূচি ঘোষণা করছি।’








