রাজধানীর কামরাঙ্গীরচর ঝাউচর এলাকায় নৌকার প্রার্থীর প্রচারণাকালে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই যুবক আহত হয়েছেন। আহতরা হলেন— মো. তানভীর (২৬) ও শিবা (৩০)। শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে ঝাউচার কাঁচাবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। ঢামেক পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহতরা জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরও বলেন, তাদের অবস্থা গুরুতর নয়।
আহত তানভীরের দুলাভাই মাসুদ চৌধুরী বলেন, আমরা এলাকার অনেকেই ঢাকা-২ আসনের নৌকার প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের নির্বাচনি শোডাউন করছিলাম। ওই সময় সেখানে তানভীর ও শিবাকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা পিঠে অতর্কিত ছুরিকাঘাত করে আহত করে পালিয়ে যায়। পরে সেখান থেকে দুজনকে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসি।
আহত মো. তানভীর টেইলারিং কারখানায় চাকরি করেন। তার বাবার নাম মৃত আবুল হোসেন। কামরাঙ্গীরচর এলাকার জাওলাহাটি চৌরাস্তা ৫ নম্বর গলি বাবুল মিয়ার বাড়ির ভাড়াটিয়া সে।
আহত শিবা টেইলারিং ব্যবসায়ী। তার বাবার নাম আব্দুর রব মিয়া। বাসা কামরাঙ্গীরচর চর নয়াগাঁও এলাকায়।









