রাজধানীর মৌচাকে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় নির্মাণাধীন ভবন থেকে মাথায় ইটে পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দীপান্বিতা বিশ্বাসের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা দায়ের করেছেন স্বামী।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) রমনা মডেল থানায় স্বামী তরুণ বিশ্বাস বাদী হয়ে অজ্ঞাত পরিচয়দের আসামি করে মামলাটি করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রমনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উৎপল বড়ুয়া।
তিনি বলেন, ঘটনাস্থলের পাশে একটি নির্মাণাধীন ভবন রয়েছে। ইটটি কোথা থেকে পড়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে। এরই মধ্যে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
এর আগে বুধবার (১০ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দীপান্বিতা শান্তিনগর এলাকায় গাড়ি থেকে নেমে হেঁটে বাসায় ফিরছিলেন। এসময় ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে
যাওয়ার ওপর থেকে একটি ইট তার মাথায় পড়লে ঘটনাস্থলেই তিনি মারা যান। প্রথমে মরদেহ উদ্ধার করে সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়।









