সদ্য চাকরিচ্যুত পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত মহাপরিদর্শক মনিরুল ইসলামের অফিস থেকে ২৫ কোটি টাকা গায়েবের অভিযোগ তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ সদর দফতর।
পুলিশ সদর দফতরের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নের (এসপিবিএন) ডিআইজি গোলাম কিবরিয়াকে প্রধান করে এ কমিটির করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ডিআইজি গোলাম কিবরিয়া। তিনি বলেন, ‘পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) সাবেক প্রধান মনিরুল ইসলামের অফিস থেকে ২৫ কোটি টাকা তছরুপ ও তার বিরুদ্ধে আরও কিছু দুর্নীতির অভিযোগে এ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) আরও দুজন পুলিশ সদস্য রয়েছেন।’
তিনি আরও বলেন, ‘তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পুরো তদন্ত শেষ করতে আরও কিছুদিন সময় লাগবে।’








