রাজধানীর মোহাম্মদপুরে অটোরিকশাচালক মো. রনি হত্যা মামলায় গ্রেফতার কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে ফের দুই দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) তিন দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে একই মামলায় আবারও পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদপুর থানার সাব ইন্সপেক্টর আলতাফ হোসেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত তার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আলতাফ জর্জের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আবারও তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন। আসামিপক্ষের আইনজীবী মোর্শেদ হোসেন শাহিন এ তথ্য নিশ্চিত করেন।
গত ১৭ সেপ্টেম্বর দিবাগত রাতে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। গত ১৮ সেপ্টেম্বর সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জের ৩ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দিয়েছিলেন আদালত।
গত ১৯ জুলাই দুপুর একটার দিকে মোহাম্মদপুর থানাধীন নূরজাহান রোডে প্রাইমারি স্কুলের সামনে গুলিবিদ্ধ হয় অটোরিকশাচালক মো. রনি। তাকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় তার মা বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা দায়ের করেন।
সেলিম আওয়ামী লীগের প্রার্থী হিসেবে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নৌকার টিকিট পাননি।









