বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফ্যাশন ডিজাইন ট্রেনিং ইনস্টিটিউটে যদি কোনও অনিয়ম পাওয়া যায়, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। এটাকে আধুনিক ইনস্টিটিউট করার জন্য বিদ্যমান সমস্যা সমাধানে মন্ত্রণালয়ের সচিবকে কমিটি গঠনের নির্দেশ দিয়েছি। কমিটির প্রতিবেদন সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
শনিবার (৫ অক্টোবর) নরসিংদীতে বাংলাদেশ তাঁত বোর্ডের অধীনে বস্ত্র প্রক্রিয়াকরণ কেন্দ্র, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিল পরিদর্শন করেন তিনি। পরে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, তাঁতিদের মধ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় এটা একধরনের সার্ভিস সেন্টার (সেবাকেন্দ্র)। এখানে বয়ন-পূর্ব ও বয়ন-উত্তর সেবা দেওয়া হয়। সেসব মেশিনারিজ খুব ব্যয়বহুল। ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য তুলনামূলক কম ব্যয়ে এখানে সেবা দেওয়া হয়। এটা যাতে আরও ভালো সেবা দিতে পারে, সে জন্য মন্ত্রণালয় পর্যালোচনা করবে। এটা একটা ইনকাম জেনারেটিং (লাভজনক) প্রতিষ্ঠান, যেটা থেকে সরকার টাকা পাচ্ছে।
প্রসঙ্গত, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের সমস্যা ও সীমাবদ্ধতা দূর করতে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপদেষ্টার কাছে দাবি জানান।
এর আগে বস্ত্র ও পাট উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর জুট মিলে পরিদর্শন করেন ও চলমান কার্যক্রমের বিষয়ে দিকনির্দেশনা দেন।
উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব আব্দুর রউফ, বাংলাদেশ তাঁত বোর্ড চেয়ারম্যান মাহমুদ হোসেন, বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহম্মেদ, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার আব্দুল হান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক অঞ্জন দাস, বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের অধ্যক্ষ মাহবুবুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা সুলতানা নাসরিন ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।









