রাজধানীর সদরঘাট থেকে দেশীয় অস্ত্রসহ তিন তরুণকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। সংস্থাটি বলছে, গ্রেফতার তিন জনই পেশাদার ছিনতাইকারী।
গ্রেফতাররা হলো, মাসুদ ওরফে রবিন (২৪), মো. সাইফুল ইসলাম (২৫) ও মো. সাইফুল ইসলাম ওরফে আল আমিন (১৯)।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে এ তথ্য জানান মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সদরঘাট ভিআইপি গেইটের সামনে পাকা রাস্তার ওপর কয়েকজন দুষ্কৃতিকারী দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের উদ্দেশ্যে সমবেত হয়ে শলাপরামর্শ করছে। অপরাধ প্রতিরোধের অংশ হিসেবে সদরঘাট পুলিশ ফাঁড়ির টহল টিম দ্রুত সেখানে পৌঁছায়। পরে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের হেফাজত হতে ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি চাপাতি, একটি চাকু ও একটি খুর উদ্ধার করা হয়।
পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাইকারী দলের সদস্য। তারা সদরঘাট এলাকাসহ আশপাশের বিভিন্ন জায়গায় পথচারীদের নিকট হতে মোবাইল, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র ছিনতাই করতো। তারা আশপাশের রাস্তায় ও নির্জন স্থানে সুযোগ বুঝে ছিনতাইয়ের উদ্দেশ্যে সেখানে দেশীয় অস্ত্রসহ অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারও করেছে।








